উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারান্নুম রিয়া মনি, সম্পাদক ও প্রকাশক ||
মোঃ নাজিম উদ্দিনগাজীপুর জেলা প্রতিনিধিদেশের তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে নিষিদ্ধ সংগঠনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তাঁর দাবি, বর্তমান সরকারকে বিব্রত ও ব্যর্থ প্রমাণের উদ্দেশ্যে একটি গোষ্ঠী শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছে।মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।নয়ন বলেন, গার্মেন্টস শিল্পকে ঘিরে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এর ফলে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানজট এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যুবদলের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা জীবিকার তাগিদে প্রতিদিন কারখানায় শ্রম দেন, তারা নিজেদের কর্মস্থল ও জীবিকার পথ ধ্বংস করতে চাইবেন—এটি বিশ্বাস করা কঠিন।যুবদলের এই নেতা বলেন, দেশে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী শ্রমিকদের বিভ্রান্ত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।নয়ন আরও বলেন, যে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন, তাদের গাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবি থাকলে তা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকারসহ যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।